অস্ট্রেলিয়ায় এই ৯ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউ সাউথ ওয়েলস স্থানীয় কাউন্সিল নির্বাচন। আসন্ন এই কাউন্সিল নির্বাচনকে সামনে এখন চলছে বিভিন্ন দলের কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়ন পর্ব। এদের মধ্যে বাংলাদেশি অধ্যুষিত ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন কাউন্সিল নির্বাচনে রোজল্যান্ড ওয়ার্ডে লিবারেল পার্টি থেকে এরই মধ্যে মনোনয়ন পেয়েছেন শাহে জামান টিটু। লেবার পার্টি থেকে মনোনয়ন পেতে লড়ছেন জুবাইদা হোসাইন, রিয়াজ হায়দার, মোহাম্মাদ আলী শিকদার, মোহাম্মাদ হুদা, আব্দুল ওয়াহাব, আবুল বাসার খান ও মো: লুৎফুল কবির।
এই নির্বাচনে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী হিসেবে আরও বেশ কয়েকজন বাংলাদেশিও অংশ নেবেন বলে শোনা যাচ্ছে। সব মিলিয়ে এবারের কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের অংশগ্রহণ বাড়ছে। শুধু ক্যান্টারবেরি- ব্যাংকসটাউন এলাকাতেই প্রায় ১২ জন বাংলাদেশি নির্বাচনের বিভিন্ন পর্বে অংশ নিচ্ছেন উল্লেখ করে এই বিষয়টিকে আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন সিডনির স্থানীয় বাসিন্দারা।
আসন্ন নিউ সাউথ ওয়েলসের স্থানীয় কাউন্সিল নির্বাচনে ৫টি ওয়ার্ডে মোট ১৫ জন কাউন্সিলর নির্বাচিত হবেন। অস্ট্রেলিয়ার বর্তমান সরকারি দল লিবারেল পার্টি তাদের ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন কাউন্সিলর প্রার্থী হিসেবে শাহে জামান টিটুকে মনোনয়ন দিয়েছে।
এছাড়া, লেবার পার্টি থেকে কানাডা-বে কাউন্সিলের বর্তমান কাউন্সিলর তানভীর আহমেদ এবং কাম্বারল্যান্ড থেকে সুমন সাহাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে সিডনির প্রথম বাংলাদেশি কাউন্সিলর প্রবীর মৈত্র এবার মনোনয়ন চেয়েও পাননি। আর আগের কাউন্সিলর শাহাদাৎ হোসেন এবার কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করছেন না বলেই জানা গেছে।