অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের রাজধানী সিডনিতে গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল কয়েকটি স্থানীয় কাউন্সিলের নির্বাচন। এরই মধ্যে বেশ কয়েকটি কাউন্সিলের নির্বাচনী ফলাফলও প্রকাশ পেয়েছে। নির্বাচনী এলাকাগুলোর মধ্যে অন্যতম কাম্বারল্যান্ড কাউন্সিলের ওয়েন্টওর্থভিল ওয়ার্ড থেকে লেবার পার্টি’র হয়ে নির্বাচনে জয়লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সুমন সাহা। আজ শুক্রবার নির্বাচনে পছন্দে অগ্রাধিকার (প্রিফারেনশিয়াল) ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশের মাধ্যমে সুমন সাহার জয়লাভের এ ঘোষণা আসে।
কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই সুমন সাহার জয়লাভের প্রবল সম্ভাবনার কথা ধারণা করছিলেন স্থানীয় প্রবাসী বাঙালিরা। কাম্বারল্যান্ড কাউন্সিলে অভিবাসীদের আধিক্য ও লেবার পার্টির শক্তপোক্ত অবস্থানের কারণে তাঁর কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি ছিল। প্রিফারেনশিয়াল ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর সুমন সাহা তাঁর নির্বাচিত হওয়ার কথা জানিয়ে বলেন, বাঙালি হিসেবে সিডনির স্থানীয় কাউন্সিল নির্বাচনে জয়লাভে তিনি আনন্দিত। তাঁর সকল সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সুমন সাহা ২০০৩ সালে শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন এবং বর্তমানে তিনি সিডনি বিশ্ববিদ্যালয়ের ওয়েস্টমিড ক্যাম্পাসের অর্থ ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন।
এর আগে একই কাউন্সিল নির্বাচনের ক্যান্টারবারি ব্যাংকসটাউন কাউন্সিলের রোজল্যান্ড ওয়ার্ড থেকে আরও দুই বাংলাদেশি নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন, লেবার পার্টির প্রার্থী মোহাম্মদ নাজমুল হুদা ও লিবারেল পার্টির শাহে জামান টিটু। সুমন সাহাসহ তিনজনই এই প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হলেন।