সিডনিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মতবিনিময়

প্রবাসী বাংলাদেশিদের ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের সদস্যপদ বিষয়ে গতকাল ১৩ আগস্ট রোববার  বাংলাদেশ হাইকমিশন অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনিতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। স্থানীয় হোটেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী নুরুল ইসলাম, বিএসসি।

এ অনুষ্ঠানে স্বাগত  বক্তব্য প্রদান করেনঅস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন ।
প্রধান অতিথির বক্তব্যে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের উৎসাহিত করার লক্ষ্যে সরকার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের “সিআইপি” (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) মর্যাদায় সম্মানিত করছেন বলে উল্লেখ করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, প্রবাসীদের সন্তানদের শিক্ষা বৃত্তি, দেশে মৃতদেহ প্রেরণে ও বিপদগ্রস্থ প্রবাসীদের দেশে প্রত্যাবর্তনে সহায়তা; প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ গ্রহণ ইত্যাদি সেবার পরিধি সম্প্রসারিত করা হচ্ছে। ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড এর সদস্যপদ গ্রহণের মাধ্যমে এ সকল সুবিধা লাভ করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন এবং প্রবাসীদের সদস্যপদ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মন্ত্রী নুরুল ইসলাম প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং উপস্থিত সাংবাদিক ও সুধীবৃন্দের সরাসরি প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে  দেড় শরও বেশি প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

Comments (0)
Add Comment