সম্প্রতি অস্ট্রেলিয়ার লিবারেল দলের সাংসদ রাসেল ব্রডবেন্ট মানুস ও নাউরুর শরণার্থীদের অস্ট্রেলিয়ায় পুনর্বাসন চেয়েছেন। যুক্তরাষ্ট্র যেসব শরণার্থীকে গ্রহণ করবে না; তাঁদের পক্ষে কথা বলেছেন তিনি। এর আগেও কঠোর শরণার্থী নীতিমালার বিরুদ্ধে কথা বলেছেন এই সাংসদ। সম্প্রতি অস্ট্রেলিয়ার সংসদে এক সংক্ষিপ্ত বক্তৃতায় শরণার্থীদের পুনর্বাসনের আহ্বান জানান তিনি।
সংসদে রাসেল ব্রডবেন্ট জানান, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ ওই দুটি দ্বীপের শরণার্থীদের জিজ্ঞাসাবাদ ও পরীক্ষা-নিরীক্ষা করছে। কিন্তু এদের মধ্যে ঠিক কতজন সেখানে বসবাসে আগ্রহী হবে তা পরিস্কার নয়। যদি যুক্তরাষ্ট্রে তাদের ঠাঁই না হয়, সেক্ষেত্রে এসব শরণার্থীদের কি হবে?
রাসেল ব্রডবেন্ট জানান, যুক্তরাষ্ট্রে যাঁরা পুনর্বাসন পাবেন না, তাঁদের জন্য অস্ট্রেলিয়ার সরকার কার্যত কিছুই করছে না। তিনি মনে করেন, যাঁরা প্রকৃত শরণার্থী তাঁদের অনন্তকাল যুক্তরাষ্ট্রের এই জিজ্ঞাসাবাদের মুখে ফেলে রাখাও ঠিক নয়।
ব্রডবেন্ট বলেন, ‘আপনি এমন এক জায়গায় এসেছেন, যেখানে ময়লার ঝুড়ি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এটা ছাড়িয়ে যেতে পারছেন না।’ তবে তিনি জানান, যুক্তরাষ্ট্র যেভাবে কাজ করছে তাতে তিনি অসন্তুষ্ট নন।
সরকারি দলের এই সাংসদ মনে করেন, এই বিষয়টা এই সংসদের মধ্য দিয়েই অস্ট্রেলয়ানদের জন্য মানুস ও নাউরুর সমস্যা সমাধানের উপযুক্ত সময়।
তথ্যসূত্র: এবিসি