মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত গণহত্যা, ধর্ষণ ও নিজভূমি থেকে উচ্ছেদের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত হয়ে গেল বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন। গত ১৭ সেপ্টেম্বর রোববার বিকাল ৩টায় সিডনির এলিজাবেথ স্ট্রিটের মার্টিন প্লেসে চ্যানেল ৭ এর সামনে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে অবিলম্বে রোহিঙ্গাদের নিজ জন্মভূমিতে প্রত্যাবাসনের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সমাবেশের নির্ধারিত সময়েই অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিসহ আরও অন্যান্য দেশের শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষেরা সমবেত হয়। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনটি আয়োজন করে অস্ট্রেলিয়ার বাংলাদেশি সংগঠন সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল ।
সমাবেশে অংশগ্রহণকারী অনেকেই তাদের ক্ষোভ ও দাবি প্রকাশ করে বক্তব্য রাখেন। বক্তারা রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত গণহত্যা বন্ধে মিয়ানমার সরকারকে বাধ্য করতে বিশ্বজনমত গঠনের আহ্বানও জানান। সমাবেশে আগতদের হাতে প্রতিবাদের প্রতীক হিসেবে বিভিন্ন পোস্টার ও প্লেকার্ডসহ তারা সমাবেশে অংশ নেন। সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ও সিডনি থেকে প্রকাশিত বাংলা বার্তা পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, বাংলা বার্তার পুরো দল নিয়ে প্রতিবাদ করেছি। মানবতা যেখানে বিপন্ন সেখানে প্রতিবাদ করতেই হবে।
সমাবেশে বক্তারা জানান, অং সান সুচির সরকারের রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ডে বিশ্ব বিবেক স্তম্ভিত ও স্তব্ধ। বিশ্বব্যাপী সর্বস্তরের প্রতিবাদ বিন্দুমাত্র গ্রাহ্য না করে মিয়ানমার সরকার ও দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তায় হুমকি থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশ আশ্রয় দিয়েছে।
বিক্ষোভ সমাবেশে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের নাগরিক অধিকার দিয়ে তাদেরকে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর অর্থনৈতিক অবরোধসহ প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক আদালতে এই নৃশংস গণহত্যার বিচারের দাবি জানান তারা। মার্টিন প্লেসে আয়োজিত এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে সিডনি প্রবাসী সব রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক, বুদ্ধিজীবী ও সাংবাদিকসহ লেবানিজ, রোহিঙ্গা, ভারত ও পাকিস্তানের বিভিন্ন কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।