রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বাংলাদেশ

মিয়ানমারের সাম্প্রতিক দমন অভিযানের পরিপ্রেক্ষিতে হাজারো রোহিঙ্গা গত কয়েকদিন ধরেই বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। জানা গেছে, টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করার সময় কয়েকশ রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফের বেশ কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে বিভিন্ন সময়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে।
এদিকে, উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় ৭৫ জন রোহিঙ্গাকে আটক করে পুলিশ। পরে আটককৃত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলেই দেশটির সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছেন টেকনাফে বিজিবির আঞ্চলিক পরিচালক।
সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি দেখতে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন ঘুনধুম ও তুম্বরু এলাকায় গিয়েছিলেন। ঘুনধুম সীমান্তচৌকিতে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, সীমান্তে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী বাংলাদেশ। সীমান্তে সাময়িক কিছু সমস্যা হয়েছে। এতে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। মিয়ানমারের যে সমস্যা তা কফি আনান কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে সমাধান করা জরুরি। মিয়ানমারের উচিত তার দেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়া।
বিজিবির মহাপরিচালক আরও জানান, মিয়ানমারে চলমান পরিস্থিতিতে কোনো গোলা-বারুদ বাংলাদেশের ভেতরে পড়েনি। যদি আঘাত আসে তাহলে এর উচিত জবাব দেওয়া হবে। পাশাপাশি মিয়ানমারের কোনো নাগরিককে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়ে তিনি বলেন, ‘সীমান্তের পাহারা আরও জোরদার করা হয়েছে।’

প্রিন্ট সংস্করণ
Comments (0)
Add Comment