রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রীকে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের শ্রদ্ধাজ্ঞাপন

মায়ানমারের সাম্প্রতিক রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতনের পরিপ্রেক্ষিতে লাখো রোহিঙ্গা উদ্বাস্তু হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইসব অসহায় রোহিঙ্গাদের দায়িত্ব নিয়ে যে অসাধারণ এক মানবিকতার উদাহরণ বিশ্বের সামনে তুলে ধরেছেন এর জন্য অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক  ড. আবুল হাসনাৎ মিল্টন এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অসাধারণ ভূমিকার জন্য গর্বিত।

বিবৃতিতে জানানো হয়েছে, সামরিক বাহিনীর অত্যাচারে উদ্বাস্তু ও দেশছাড়া তিন লক্ষাধিক রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। জীবন বাঁচাতে দূর্গম পথ পাড়ি দিয়ে ও বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ঢোকা এইসব রোহিঙ্গাদের দায়িত্ব নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে মানবিকতার এক অনন্য উদারহণ সৃষ্টি করেছেন।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে রোহিঙ্গা উদ্বাস্তু শিবির পরিদর্শন করতে গিয়ে বলেছেন, ১৬ কোটি মানুষের দেশ বাংলাদেশ প্রয়োজনে ৬/৭ লাখ  রোহিঙ্গা উদ্বাস্তুদের বাংলাদেশে আশ্রয় ও প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে।

সাম্প্রতিক সময়ে বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় নেমে আসে মায়ানমারের আরাকান রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর। ফলশ্রুতিতে ১০ দিনের মধ্যে তিন লক্ষেরও বেশি রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়কণ্ঠে বলেছেন, এই সমস্যার সৃষ্টি করেছে মায়ানমার, এর সমাধানও করতে হবে তাদেরকে। কিন্তু, পাশাপাশি নির্যাতিত অসহায় রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয়ও দিয়েছেন তিনি।

বিবৃতিতে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মানবিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্যাতিত-নিপীড়িত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বিশ্বের সকল বিবেকবান মানুষকে আহ্বান জানিয়েছে। পাশাপাশি, এই সমস্যা সমাধানে জাতিসংঘ ও বিশ্বের সকল রাষ্ট্রের প্রতি বাংলাদেশকে পর্যাপ্ত সহযোগিতা প্রদানের জন্য জোর দাবি জানিয়েছে।

Comments (0)
Add Comment