একদিকে যেন বিয়েবাড়ির জাঁকালো সাজ-উৎসব-আনন্দ আর অন্যদিকে শোকের মাতম। বার্সাতে চলছে শোক আর পিএসজিতে বর্ণিল উৎসব। আর এর কেন্দ্রে রয়েছেন মহামূল্যবান, মহাকাঙ্খিত তারকা ফুটবলার নেইমার। নেইমারকে শেষপর্যন্ত দুই হাজার এক শ ছয় কোটি টাকা খরচ করে দলে ভিড়িয়েছে প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজি। আর এরপর পিএসজির জার্সিতেও সেই চিরচেনা নেইমারকেই দেখা যাচ্ছে। কিন্তু এদিকে এলেমেলো হয়ে পড়েছে বার্সা। রিয়ালের কাছে হেরেছে এল ক্লাসিকো। একা মেসির ঠিক জমে উঠছে না! ছন্দ আর সুরের তাল যেন কেটে গেছে বার্সার।
নেইমারের বদলে কাকে দলে টানা যায় তা নিয়ে এখন শোকস্তব্ধ বার্সায় চলছে জোর আলোচনা। এদিকে পিএসজিতে ফুল ফোটাতে শুরু করেছেন ব্রাজিলের তারকা। নেইমারের আলোচিত দলবদলের সুবাদে বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা-ও যেন থামছেই না। বার্সেলোনা, লিভারপুল আর বরুসিয়া ডর্টমুন্ডকেও এই বিষয়টা তুমুল অস্থিরতার মধ্যে টেনে এনেছে। খেলোয়াড়দের এজেন্টরাও তাঁদের খেলোয়াড়দের উসকানি দিয়ে চলেছেন দলবদলের জন্য। জোর আলোচনা কুতিনহোকে নিয়েও। যেন আরেক নেইমার নাটক।
সম্প্রতি বার্সেলোনা দাবি করেছে ফিলিপে কুতিনহোকে দলে নিয়েছে তারা। ওদিকে লিভারপুল কর্তৃপক্ষও দলের কাউকে ছাড়তে নারাজ। ফিলিপ কুতিনহোকে নিতে বার্সেলোনা ১০০ মিলিয়ন ইউরো সেধেছে। তবে লিভারপুলের আগ্রহ নেই। আবার এদিকে বার্সায় মেসির ছায়ায় থাকা নেইমার ফ্রেঞ্চ লিগের শুরু থেকেই মাতাতে শুরু করেছেন। প্যারিস সেন্ট-জার্মেইয়ের জার্সিতে নিজের প্রথম ম্যাচটিকে স্মরণীয়ই করে রেখেছেন নেইমার।
গেঁগাঁর বিপক্ষে দলকে জিতিয়ে এনেছেন ৩-০ গোলে। অসাধারণ ফুটবল উপহার দিয়ে নেইমার সবার মন ভরিয়ে দিয়েছেন। বার্সা থেকে পিএসজিতে নতুন এক অধ্যায়ের শুরু করেছেন প্রতিভাবান এই তারকা ফুটবলার। বার্সা ভক্তরাও তাকিয়ে আছেন মেসির নতুন সঙ্গীর দিকে।