ট্যাক্স প্রতারকদের ভুয়া কল থেকে সাবধান !

অস্ট্রেলিয়ায় সরকার ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ জনজীবন, সব কিছুই একটা নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে পরিচালিত হয়। দেশটির আইন ও নাগরিক সুবিধার ব্যাপারে কোনো আপসই চলে না। তবে শুনে বা দেখে অবাক হতে হয়, এমন কঠোর আইনি ব্যবস্থার আড়ালেও দেশটিতে বিভিন্ন প্রতারণার শিকার হন অনেকেই। অস্ট্রেলিয়ায় প্রতারণামূলক ঘটনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ট্যাক্স কর্মকর্তার পরিচয়ে ভুয়া ফোন কল করা। শুধু এ বছরেই এ ধরনের ভুয়া ফোন কলে প্রায় ২০ লাখ অস্ট্রেলিয়ান ডলার হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।

দেশের উন্নয়ন ও স্বাভাবিক গতিশীলতার জন্য অস্ট্রেলিয়ার সকল নাগরিকই সময় মতো কর পরিশোধ করে থাকেন। তবে কোনো নাগরিক নির্দিষ্ট পরিমাণের বেশি কর পরিশোধ করলে বাড়তি অর্থ ফেরত দেয় অস্ট্রেলিয়ার কর বিভাগ (অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিস বা এটিও)। একে বলে ট্যাক্স রিটার্ন। অর্থবছর শেষে বেশি কর পরিশোধ করে থাকলে এটিও বরাবর আবেদন করলেই তা ফিরিয়ে দেয় কর্তৃপক্ষ।
তবে, এর উল্টোও রয়েছে। কেউ ট্যাক্স রিটার্নের নামে বেশি অর্থ নিয়ে নিলে কর কর্তৃপক্ষও তা আবার পরবর্তীতে ফিরিয়ে নেয়। একদল প্রতারক চক্র এই পদ্ধতির সুযোগটাই নিয়ে থাকে। এটিও অফিসার এর নাম করে প্রতারক দলের কেউ ফোন করে জানায় যে, তিনি ট্যাক্স রিটার্নের মাধ্যমে বেশি অর্থ নিয়েছেন। সেই অর্থ শীগগিরই ফেরত না দিলে আদালতে মামলা দায়ের করা হবে। ভুক্তভোগীকে কীভাবে অর্থ ফেরত দিতে হবে সে বিষয়েও জানায় প্রতারক দল। এভাবেই অস্ট্রেলিয়ায় ভুয়া কলের মাধ্যমে লাখ লাখ ডলার হাতিয়ে নিচ্ছে প্রতারক দল।

সম্প্রতি অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিসের নাম করে প্রতারক চক্রের এমন ভুয়া কলের শিকার হচ্ছেন অনেকেই। তবে এদের মধ্যে অস্ট্রেলিয়ার অভিবাসীদের সংখ্যাই বেশি। বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিকেও ট্যাক্স অফিস প্রতারকদের এমন হেনস্তার হওয়ার ঘটনা জানা গেছে। দেশটির আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ এ ধরনের ভুয়া কল থেকে সতর্ক থাকা বা সাবধান হওয়ার পরামর্শ দিয়েছে ।

এ প্রসঙ্গে সবার জ্ঞাতার্থে  অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিস জানিয়েছে যে তারা নিম্ন লিখিত কাজ গুলো করে না:

* আপনার কাছে অপমানজনক বা আপত্তিকর এমন কিছু তারা বলবে না

* অবিলম্বে গ্রেপ্তারের মাধ্যমে আপনাকে হুমকি দেবে না

* আপনাকে ০৯২০০৯  বা ০৯৩০০৩  বিএসবি অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের  কথা বলবে না

* উপহার কার্ড বা অন্যান্য প্রিপেইড কার্ডগুলির মতো অস্বাভাবিক পদ্ধতিতে অর্থ প্রদানের অনুরোধ করবে না

* ইমেইল, এসএমএস বা সোশ্যাল মিডিয়া সাইটগুলির মাধ্যমে আপনার ট্যাক্স নাম্বার  বা আপনার ব্যাঙ্কের বিবরণ বা ব্যক্তিগত নিরাপত্তা তথ্য জানাতে অনুরোধ করবে না

* সাথে সাথে অর্থ প্রদানের জন্য আপনাকে বলবে না

* ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করার জন্য আপনাকে নির্দেশ দেবে না

এছাড়া, ট্যাক্স অফিস কখনই ফোনের মাধ্যমে কোনো ধরনের লেনদেনের কাজ সম্পাদন করে না। অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিস সংক্রান্ত কোনোকিছু সম্পর্কে যদি সন্দেহ হয় তাহলে অবশ্যই ১৮০০ ০০৮ ৫৪০ নাম্বারে কল  করে  সত্যতা  যাচাই করে নিতে বলা হয়েছে।

তথ্যসূত্রঃ সিডনি মর্নিং হেরাল্ড

Comments (0)
Add Comment