গুগলের জরিমানা ২৭০ কোটি ডলার!

সম্প্রতি বিশ্বের অন্যতম বৃহৎ ইন্টারনেট প্রতিষ্ঠান গুগলকে ক্ষমতার অপব্যবহারের দায়ে ২৭০ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে ইউরোপিয়ান কমিশন। এ ধরনের অভিযোগে এর আগে আর কোনো প্রতিষ্ঠানকে এত বিশাল অংকের টাকা জরিমানা করা হয়নি।
গুগলের বিরুদ্ধে অভিযোগ, ইন্টারনেটে কোনোকিছু অনুসন্ধানের ক্ষেত্রে অর্থাৎ ‘সার্চ ইঞ্জিন’ হিসেবে গুগলের যে প্রাধান্য, তারই একতরফা সুযোগ নিচ্ছে তারা। ইন্টারনেটে কেউ কোনো জিনিস কিনতে গেলেই ‘গুগল শপিং’ নামের একটি সার্ভিস তাদের নিজেদের পছন্দমতো তৈরি করা তালিকাকে সবার আগে ক্রেতার সামনে তুলে ধরছে।
বেশ কৌশলেই বিষয়টা করে যাচ্ছিল গুগল। আর এ জন্য তারা ব্যবহার করেছে ‘গুগল শপিং’ নামের একটি সেবা। আপনি ইন্টারনেটে যে কোনো পণ্য খুঁজলেই সে সব জিনিসের ছবি, দাম, কোন দোকানে তা পাওয়া যায়, ক্রেতারা কোনটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন, তার তুলনামূলক স্কোর- এসব আপনার সামনে তুলে ধরে গুগল শপিং। কিন্তু সমস্যা হচ্ছে, আপনার অনুসন্ধানের এই ফলাফলটা ঠিক ‘স্বাভাবিক’ নয়। এর পাশেই দেখবেন লেখা আছে ‘স্পন্সরড’। অর্থাৎ যে প্রতিষ্ঠানের জিনিসগুলো আপনি অন্যদের আগে দেখতে পাচ্ছেন- তারা এ সুযোগটা পাওয়ার জন্য গুগলকে পয়সা দিয়েছে।
আপনি ‘স্ক্রল’ করে তালিকার নিচের দিকে না গেলে অন্য প্রতিষ্ঠানের তৈরি একই ধরনের পণ্য দেখতেই পাবেন না।
তা ছাড়া, গুগল শপিং-এর বিজ্ঞাপনগুলোতে থাকে পণ্যের দাম ও ছবি – কিন্তু অন্যদের পণ্যের বিজ্ঞাপনে তা থাকে না। এখানেও তারা একটা বাড়তি আকর্ষণ তৈরি করছে। গুগল শপিং-এর এই কর্মকা-ের ব্যাপারে গত ৭ বছর ধরেই তদন্ত করছে ইইউ। মাইক্রোসফটসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অভিযোগের পর ওই তদন্ত শুরু হয়েছিল।
দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুতবর্ধনশীল ও প্রচ- প্রতিযোগিতামূলক অনলাইন শপিংয়ের দুনিয়ায় নিজেদের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করার কারণেই এই রেকর্ড পরিমাণ অর্থ জরিমানার মুখোমুখি গুগল।
ইউরোপীয় কমিশন বলেছে, এই অসদাচরণ শোধরানোর জন্য গুগলকে মাত্র ৯০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল। এর মধ্যে ঠিক না হলে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বিশ্বজুড়ে দৈনিক গড়আয়ের ৫ শতাংশ জরিমানা আকারে শোধ করতে হবে।
প্রতিষ্ঠানটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে এই জরিমানা হতে পারে দৈনিক প্রায় ১ কোটি ৪০ লাখ ডলার। অবশ্য, প্রতিযোগিতাবিমুখ এই আচরণ গুগল কীভাবে সংশোধন করবে, রায়ে তা ঠিক করার ভার গুগলের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে।

Comments (0)
Add Comment