হালের ঢাকাই ছবির অভিনেত্রী নুসরাত ফারিয়া কলকাতার টলিউডেও বেশ পোক্ত অবস্থান করে নিচ্ছেন। হিট ছবি করে পাচ্ছেন জনপ্রিয়তা। এর আগে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘প্রেমী ও প্রেমী’ ছবিতে অভিনয় করেন তিনি। আর সম্প্রতি আবারও একটি ছবি তার ঝুলিতে ভরেছেন নুসরাত।
‘ইন্সপেক্টর নটি. কে’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ফারিয়া। অশোক পতি পরিচালিত এ ছবিতে টলিউডের নায়ক জিৎ এর বিপরীতে অভিনয় করবেন তিনি। এ ছবিতে কলকাতার একজন পুলিশের চরিত্রে অভিনয় করবেন ফারিয়া। অন্যদিকে, জিৎকেও এই ছবিতে পুলিশের ভূমিকায় দেখা যাবে।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া বলেছেন, ‘আমার প্রথম ছবি ‘আশিকী’র পরিচালক অশোক দাদার সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছি। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেক ভালো ছিল। আশা করছি, এই ছবিও অনেক ভালো হবে’।
ইতালি ছাড়াও বাংলাদেশ ও ভারতে এ ছবির শুটিং হওয়ার কথা রয়েছে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে জিৎ এর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস ও ওয়ালজেন মিডিয়া।