সকল দেশের মাতৃভাষার মর্যাদা রক্ষার দাবিতে বিশ্বজুড়েই ‘কনসারভ ইওর মাদার ল্যাঙ্গুয়েজ’ শীর্ষক আন্দোলন শুরু করে অস্ট্রেলিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ‘এমএলসি মুভমেন্ট’। এই আন্দোলনের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার সরকারের কাছে বেশ কয়েকটি দাবিও জানিয়েছিল সংগঠনটি। সেই দাবির প্রতি সমর্থন জানিয়ে ১৩ সেপ্টেম্বর ক্যানবেরায় অবস্থিত অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি বা এসিটি রাজ্য সংসদ একটি মোশন বা প্রস্তাব পাশ করেছে। এসিটি সংসদের বিরোধীদলীয় নেতা এলিস্টার ব্রুস কো এই প্রস্তাব উত্থাপন করেছিলেন।
এরপর সংসদে এই প্রস্তাবটি নিয়ে লিবারেল, লেবার ও গ্রীন দলের নেতারা তাদের বক্তব্য রাখেন। তাঁরা বাংলাদেশের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, ভাষা ও সংস্কৃতি উন্নয়নে ও কমিউনিটি গঠনে ভাষার তাৎপর্য তুলে ধরেন।
সংসদে উত্থাপিত দাবিগুলোর মধ্যে ছিল ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপনের লক্ষ্যে সকল প্রধান শহরে স্মৃতিসৌধ স্থাপন, ‘কনসারভ ইওর মাদার ল্যাঙ্গুয়েজ’ আন্দোলনকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান এবং ভাষা সংরক্ষণের লক্ষ্যে বিশ্বের সকল গ্রন্থাগারে ‘একুশে কর্ণার’ প্রতিষ্ঠা করা। এসিটি সংসদ এই প্রস্তাবটি পাশ করায় ‘এমএলসি মুভমেন্ট’ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এ সময় এমএলসি মুভমেন্ট চেয়ারপারসন নির্মল পালসহ বাংলাদেশি কম্যুনিটির আরও অনেকেই উপস্থিত ছিলেন।