৬ বলে ৬ ছক্কা বা ৬ উইকেট কি আর সহজে হয়? ক্রিকেট ইতিহাসে খুব কম খেলোয়াড়েরই এই কীর্তি আছে। ব্যাটিংয়ে যেমন ছয় বলে ছয় ছক্কার রেকর্ড বিরল তেমনি বোলিংয়েও ছয় বলে ছয় উইকেট পাওয়ার বিষয়টি আরও বিরল। কিন্তু সম্প্রতি এমনই এক রেকর্ড করেছে ইংল্যান্ডের ১৩ বছর বয়সী লুক রবিনসন। ছয়টিই ক্লিন বোল্ড। ফিলাডেলফিয়া ক্রিকেট ক্লাবের হয়ে অনূর্ধ্ব-১৩ দলে খেলে লুক। ডারহাম শহরের ল্যাংলি পার্কে নিজের তৃতীয় ওভারে ছয় বলে ছয় ব্যাটসম্যানকে ক্লিন বোল্ড করেছে লুক রবিনসন।
রবিনসনের এই বিশ্ব রেকর্ড করার দিনটিতে মাঠে উপস্থিত ছিলেন তার পুরো পরিবার। গ্যালারিতে বসে নাতির এই বিরল কৃতিত্বের সাক্ষী হয়েছেন এই ক্রিকেটারের দাদু। উপস্থিত ছিলেন রবিনসনের মা। আর মাঠের পাশেই ছিলেন লুকের বাবা; দলের কোচ স্টিফেন রবিনসন। ম্যাচশেষে লুকের বাবা স্টিফেন জানান, এ এক অসাধারণ অভিজ্ঞতা। দীর্ঘ ৩০ বছর ধরে ক্রিকেট খেলছেন তিনি, বহু বার হ্যাটট্রিকও করেছেন, কিন্তু এমন অভিজ্ঞতা তার আর কখনও হয়নি।
আবার, ওভারে ছয় ছক্কা হাঁকানোর সংক্ষিপ্ত তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে রস হোয়াইটলির নাম। হেডিংলিতে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারের বিপক্ষে মাঠে নামে উস্টারশায়ার। ডেভিড উইলির ৫৫ বলে ১১৮ রানের ঝড়ো ইনিংসে ভর করে ইয়র্কশায়ার ২৩৩ রানের পাহাড়সম স্কোর দাঁড় করায়। উস্টারশায়ার ২৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ ওভারে সংগ্রহ করেছিল ১৩৬ রান। জয়ের জন্য ৩০ বলে ৯৮ রান দরকার ছিল উস্টারশায়ারের। পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন বাঁহাতি হোয়াইটলি। তাঁর এক ওভারে ৩৭ রান এসেছিল।
এর আগে, রঞ্জি ট্রফিতে ছয় বলে ছয়টি ছক্কা মেরেছিলেন ভারতের রবি শাস্ত্রী। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম এ কীর্তি গড়েন হার্শেল গিবস। নেদারল্যান্ডসের বিপক্ষে ২০০৭ বিশ্বকাপে এক ওভারে ছয় ছক্কা হাঁকান তিনি। ওই বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে স্টুয়ার্ট ব্রডের ছয় বলে ছয়টি ছক্কা মেরেছিলেন ভারতের যুবরাজ সিং।