অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতিবছরই আয়োজন করা হয় মাসব্যাপী আলোক উৎসব ভিভিড সিডনির। সিডনির এই আলোক উৎসবে এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৪ লাখ দর্শনার্থী হাজির হয়েছিলেন। ভিভিডের আয়োজকেরা বলছেন, গত দশ বছরে এবারই প্রথম এতো বেশিসংখ্যক পর্যটক এসেছেন এই আলোর উৎসব উপভোগ করতে।
এবছরের ২৬ মে থেকে ১৭ জুন পর্যন্ত আয়োজিত হয়েছিল আলো আর সুরের এই মনকাড়া উৎসব। প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো পর্যটক আসেন ভিন্নমাত্রার মনোমুগ্ধকর এই আলোর শৈল্পিক খেলা দেখতে। তবে, এবারই এমন রেকর্ড পরিমাণ দর্শনার্থী এসেছিলেন ভিভিড সিডনিতে। আন্তর্জাতিক এই
আলোক উৎসবে সিডনি অপেরা হাউস, হারবার ব্রিজসহ শহরের বিখ্যাত সব স্থাপনা সাজানো হয়েছিল রং বেরঙের বর্ণিল আলোয়। তাল মিলিয়ে বেজেছিল সংগীতও।
এবারের ভিভিড সিডনি উৎসব সাজিয়ে তুলেছিলেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় দুইশরও বেশি শিল্পী।

মাসজুড়েই ছিল এই শিল্প আর প্রযুক্তির মেলবন্ধনের প্রদর্শনী। এবারের ভিভিড সিডনি উপভোগ করতে আসা দর্শনার্থীর সংখ্যা গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি বলেই জানিয়েছেন ভিভিডের আয়োজকেরা।
জানা গেছে, সিডনির এবারের এই আলোর উৎসব দেখতে শুধু জাপান থেকেই অস্ট্রেলিয়ার এসেছিলেন প্রায় পাঁচ হাজার পর্যটক।
তথ্যসূত্র: দ্য সিডনি মর্নিং হেরাল্ড