বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী হিমেশ রেশমিয়া ও তার স্ত্রী কোমলের দীর্ঘ ২২ বছরের সংসারের ইতি ঘটেছে। এ বছরের জুনের শুরুর দিকে বিচ্ছেদের জন্য করা তাদের আবেদন সম্প্রতি মঞ্জুর করেছেন মুম্বাই আদালত।
এর আগে, গত বছরের ডিসেম্বরে হঠাৎ করেই আলাদা হওয়ার ঘোষণা দিয়ে আদালতে বিচ্ছেদের আবেদন করেছিলেন তারা। অবশ্য হিমেশ আর কোমলের সংসার ভাঙার পেছনের কারণ সম্পর্কে একটা কথা বাতাসে ভাসছে। আর তা হলো টেলিভিশন উপস্থাপিকা সোনিয়া কাপুরের সঙ্গে হিমেশের ঘনিষ্ঠতা।
যদিও এ ব্যাপারে দু’জনের কেউই কোনো বিরূপ মন্তব্য করেননি। উল্টো এ প্রসঙ্গে কোমল বলেছেন, সোনিয়ার কারণে আমাদের সংসার ভাঙেনি। সে আমাদের খুব ভালো পারিবারিক বন্ধু। আমাদের দু’জনের বোঝাপড়ার মাধ্যমেই সংসারের ইতি টানা হয়েছে, আলাদা হয়ে গেলেও হিমেশের সঙ্গে আমার যোগাযোগ থাকবে। এ প্রসঙ্গে হিমেশ বলেছেন, ‘আমরা আলোচনা করেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কোমলকে এখনো আমি আমার পরিবারের সদস্য বলেই ভাবি। সে সব সময়েই আমার পরিবারের কাছের একজন হয়েই থাকবে।’
এদিকে, এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, হিমেশ ও কোমলের একমাত্র সন্তান সায়ম, মা-বাবা দুজনের কাছেই থাকবে। তাছাড়া এখন থেকে এক বাড়িতে আলাদা ফ্ল্যাটেই থাকবেন তারা।
তথ্যসূত্র: মুম্বাই মিরর।