নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর অংশ হিসেবে সম্প্রতি ফ্রান্সের কিছু ব্যস্ত সড়কে সৌর প্যানেল বসানো হচ্ছে। সৌরশক্তিকে কাজে লাগাতে এবং নবায়নযোগ্য জ¦ালানি উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই দেশটির সরকার এমন উদ্যোগ নিয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
বিশেষজ্ঞদের ধারণা, এইসব সৌর প্যানেল দেশটির ব্যস্ত সড়কগুলোও কমপক্ষে ৭০ থেকে ৯০ শতাংশ সূর্যের আলো পাবে। ফ্রান্স সরকারের সংশ্লিষ্ট বিভাগের পরিকল্পনা এই সৌর সড়ক থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশটির জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।
জানা গেছে, এসব প্যানেলের স্থায়িত্ব বাড়াতে কাচের গুঁড়ার প্রলেপ ব্যবহার করা হয়েছে। সৌর সড়কের এই প্রযুক্তির নাম ‘ওয়াটওয়ে’। অবশ্য অনেকেই বলছেন, এই সৌরপ্রযুক্তি বেশ ব্যয়বহুল। আধা মাইল সড়কে এই সৌর প্যানেল বসাতে বর্তমানে প্রচলিত সৌর-প্যানেলের চেয়ে কমপক্ষে চার থেকে ছয় গুণ বেশি অর্থ খরচ হবে।
এদিকে, সৌর প্যানেল বসানোর কাজে যুক্ত অ্যাংলো-ফ্রান্স নির্মাণ প্রতিষ্ঠান কোলাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই খরচ ভবিষ্যতে উল্লেখযোগ্য হারে কমানোর বিষয়টি তাদের পরিকল্পনায় রয়েছে।
জানা গেছে, শুরুতে গাড়ি রাখার জায়গা বা পার্কিংয়ের স্থানেই ওয়াটওয়ে প্রযুক্তির পরীক্ষা চালানো হয়েছিল। সড়কে এবারই প্রথম এই প্রযুক্তিটি ব্যবহার করা হচ্ছে। সড়কের এই নতুন উদ্যোগ প্রসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একজন কর্তাব্যক্তি জানিয়েছেন, এই ওয়াটওয়ে সৌরপ্রযুক্তি প্রয়োজনীয় পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম কিনা, এখনকার সব উদ্যোগ আসলে সেটাকে ঘিরেই।
তথ্যসূত্র: বিবিসি অনলাইন