সম্প্রতি ঢাকাই ছবির প্রয়াত অভিনেতা সামলান শাহকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক অনন্য মামুন। এ ছবিতে একসময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেতার জীবন ও কর্ম তুলে ধরা হবে। জানা গেছে, ছবির নাম হবে ‘আমাদের সালমান শাহ’। অবশ্য, ছবিটি আত্মজীবনী হবে না বলেই জানিয়েছেন এর পরিচালক। এ ছবির কাহিনিতে এক ভক্তের মাধ্যমে সালমান শাহের জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে।
সালমান শাহ এর চরিত্রে অভিনয় করবেন কে? এই চরিত্রের জন্য এখন অভিনেতা খুঁজছেন পরিচালক। সালমান শাহ এর আদর্শে বিশ্বাস করেন এবং তাকে হৃদয়ে লালন করেন এমন একজন অভিনেতাকেই খুঁজছেন তারা।
‘আমাদের সালমান শাহ’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে লাইভ টেকনোলজিস ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন এলাকায় ভাড়াবাড়িতে সালমান শাহ এর মৃতদেহ পাওয়া যায়। ওই ঘটনায় সালমানের বাবা রমনা থানায় মামলা করেন। লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে থাকা সালমান শাহের বিউটিশিয়ান রাবেয়া সুলতানা রুবি বিরুদ্ধেও হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সালমান শাহ এর মা নীলা চৌধুরী।
সম্প্রতি রাবেয়া সুলতানা রুবির দেওয়া ফেসবুকে এক বিতর্কিত ভিডিও ফুটেজের বক্তব্যে সালমান শাহ এর রহস্যজনক মৃত্যুর ঘটনাটি নতুন করে সামনে চলে আসে।
বিষয়টি নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়। ওই ভিডিও ফুটেজে রুবি দাবি করেন, পরিকল্পিতভাবেই খুন করা হয়েছিলো বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সালমান শাহকে।