সর্বোচ্চ ‘লাইক’ ওবামার টুইটে

300

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাম্প্রতিক একটি টুইট টুইটারের ইতিহাসে সবচেয়ে বেশিসংখ্যক ‘লাইক’ পাওয়া টুইট হিসেবেই উল্লেখ করা হয়েছে বিবিসি’র এক প্রতিবেদনে। ওবামার এই টুইটে দক্ষিণ আফ্রিকার অবিসম্বাদিত নেতা নেলসন ম্যান্ডেলা’র একটি উক্তির সঙ্গে একটি ছবি জুড়ে দেওয়া হয়েছে। এ ছবিতে বারাক ওবামাকে বিভিন্ন বর্ণের বেশ কয়েকটি শিশুর সঙ্গে হাসিমুখে ভাববিনিময় করতে দেখা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শার্লটসভিলের হামলার ঘটনা নিয়ে ওবামা এই টুইটটি করেন ১৩ আগস্ট। টুইটারে এই টুইটটি পোস্ট করার পর থেকে এ খবর পাওয়া পর্যন্ত এই টুইটে আসা ‘লাইক’ এর সংখ্যা ছিল প্রায় ৩০ লাখ!
চলতি বছর মে মাসে যুক্তরাজ্যের ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন পপসংগীত তারকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় বোমা বিস্ফোরণে প্রাণ হারান ২২ জন, আহত হন আরও অর্ধশতাধিক। বর্বরোচিত এ হামলায় নিহতদের জন্য সমবেদনা জানিয়ে আরিয়ানা গ্রান্ড এর করা টুইটটিই এতদিন লাইক এর দিক থেকে শীর্ষে ছিল।
প্রসঙ্গত, এই টুইটের পর আরও দুটি টুইট করেন ওবামা। এই তিন টুইটে ওবামা ম্যান্ডেলা’র আত্মজীবনী থেকে উদ্ধৃত করেন- ‘গায়ের রঙ, অতীত বা কে কোত্থেকে এসেছে অথবা ধর্মের কারণে ঘৃণা নিয়ে কেউ জন্মগ্রহণ করে না। মানুষ ঘৃণা করতে শেখে এবং যদি তারা ঘৃণা করতে শিখতে পারে, তাহলে তাদের ভালোবাসতেও শেখানো যেতে পারে, ঘৃণার চেয়ে ভালোবাসা আরও স্বাভাবিকভাবেই মানুষের হৃদয়ে চলে আসে।’
টুইটারের তথ্যমতে, বর্তমানে টুইটারে বারাক ওবামার অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৩৩ লাখ।
তথ্যসূত্র: বিবিসি

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.