বিশ্বের সবচেয়ে বসবাস উপযোগী শহরের তালিকায় সপ্তমবারের মতো আবারও নির্বাচিত হয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী এবং অন্যতম জনবহুল শহর মেলবোর্ন। বৃহস্পতিবার সংবাদমাধ্যম ইকোনমিস্টের সমীক্ষা শাখা ‘ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট’ বিশ্বের ১৪০ বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে। এই তালিকায় দীর্ঘ সাত বছরের মতো এবারেও নিজেদের শীর্ষ অবস্থান ধরে রেখেছে মেলবোর্ন। জরিপে শহরটির বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষস্থান ধরে রাখার পেছনে অপরাধের নি¤œহারকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়।
স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং পরিকাঠামোভিত্তিক প্রায় ৩০টি বিষয়কে প্রাধান্য দিয়ে এই জরিপ চালায় ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। আর সেই বিষয়গুলোর ওপর ১০০ নম্বরের ভিত্তিতে ইকোনমিস্টের বাসযোগ্য শহরের তালিকা করা হয়।
মেলবোর্ন শহরের নাগরিক সুযোগ-সুবিধা, আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে তাদের ক্রমাগত সাফল্যের বিষয়টিই যে শহরটিতে নাগরিক সুবিধাসহ অপরাধের নি¤œহারের পেছনে কাজ করেছে তা উল্লেখ করে সমীক্ষা পরিচালনাকারীরা জানান, এসব বিষয়গুলিই এই শহরকে এগিয়ে রেখেছে।
শীর্ষ বাসযোগ্য শহর হিসেবে মেলবোর্ন পেয়েছে ৯৭.৫ নম্বর। এছাড়া, সারাবিশ্বেই যখন সন্ত্রাসী হামলাসহ নানা অপ্রত্যাশিত ঘটনা ঘটছে; সেখানে মেলবোর্নে অপরাধের গড় মাত্র ৮ দশমিক ১।
তবে, গত ১২ মাসে শহরটিতে চুরি, ডাকাতি, মাদকাসক্তের মতো বেশকিছু অপরাধের হার বেড়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে। এছাড়াও সেখানে বিভিন্ন আর্থসামাজিক ও পারিবারিক কারণে গৃহহীন মানুষের সংখ্যাও দিনদিন বৃদ্ধি পাচ্ছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, সপ্তমবারের মতো শীর্ষ বাসযোগ্য শহর হিসেবে মেলবোর্ন নির্বাচিত হওয়ায় শহরটির মেয়র রবার্ট ডয়ল মেলবোর্নবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
শীর্ষ বাসযোগ্য শহর হিসেবে আন্তর্জাতিকভাবে মেলবোর্নের বাণিজ্যিক গুরুত্ব বৃদ্ধি পাবে এমন আশাপ্রকাশ করে ডয়ল বলেন, ‘অনেকেই এখন এখানে বসবাস ও বাণিজ্য করতে চাইবেন, তবে সেরা শহর হিসেবে সেরা মানুষদেরই আমন্ত্রণ জানানোর অপেক্ষায় আছি আমরা।;
গৃহহীনতা ও ক্রমবর্ধমান অপরাধ এর প্রসঙ্গে ডয়ল বলেন, আমরা কেউই ত্রুটিহীন নই, তবে সকলের যৌথপ্রচেষ্টাতেই মেলবোর্নের সকল সমস্যা সমাধান করবে সরকার।’
শীর্ষ ১৪০টি শহরের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা ও কানাডার ভ্যাঙ্কুভার। তবে এবার অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান শহর সিডনি পেয়েছে এই তালিকার ১১তম স্থান। আর ১৩৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
তথ্যসূত্র: এবিসি