সম্প্রতি ভারত আর চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা কমানোর লক্ষ্যে ভারতীয় বক্সার ভিজেন্দার সিং তাঁর চ্যাম্পিয়নশিপ শিরোপার বেল্টটি চীনা প্রতিপক্ষ বক্সারকে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন। মুম্বাইতে ডাব্লিউ বিও ওরিয়েন্টাল সুপার মিডলওয়েট লড়াইয়ে ভিজেন্দার সিং চীনা বক্সার জুলপিকার মাইমাইটিয়ালিকে হারিয়ে শিরোপা জেতেন। কিন্তু পরে তিনি জানান, এই বিজয়কে তিনি ‘চীন-ভারত মৈত্রী’র উদ্দেশ্যে নিবেদন করতে চান এবং এর জন্য বিজয়ীর বেল্টটি তিনি ফেরত দিতে প্রস্তুত। ভিজেন্দরের এই সখ্যতার প্রস্তাবের পর অধিকাংশ মানুষ এতে খুশি হলেও তার ওপর নাখোশও হয়েছেন তার দেশের অনেকে।
এদিকে তাঁর চীনা প্রতিপক্ষ সেটি গ্রহণ করবেন কিনা, কিংবা বক্সিং কর্তৃপক্ষ আদৌ সেটি হতে দেবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। ভারতের ভূখ-ের ডোকলাম উপত্যকা এবং চীনের ডংল্যাং উপত্যকার মধ্য দিয়ে চীনা কর্তৃপক্ষ একটি সড়ক নির্মাণের পরিকল্পনা করলে এ বছরের জুন মাস থেকে দুই দেশের মধ্যকার সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়।
এরই পটভূমিতে মুম্বাইয়ের এই বক্সিং ম্যাচটি নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ ছিল। আর এতে বিজয়ী হয়ে ভারতীয় বক্সার ভিজেন্দার সিং দেশের মানুষের প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু চীনের প্রতি তার এই শান্তির উদ্যোগকে অনেকেই খুব একটা সুনজরে দেখছেন না। ভারতের বাবা রামদেব এ ঘটনাটি নিয়ে টুইট করে লিখেছেন, ‘চীন মুম্বাইয়ে গো-হারা হেরেছে, একই ঘটনা ঘটবে ডোকলামেও।’