ভারতের আদালত গুরমিত রাম রহিম সিংকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করে রায় ঘোষণার পর শুক্রবার ২৫ আগস্ট এই ‘ধর্মগুরু’র অনুসারী সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।
ভারতের হরিয়ানা রাজ্যের পঞ্চকূলা শহরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে।
বর্তমানে ভারতের হরিয়ানা রাজ্যের পঞ্চকূলায় সান্ধ্য আইন জারি আছে।
পঞ্চকুলা শহরের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআই আদালত শুক্রবারই গুরমিত রাম রহিম সিংকে ধর্ষণের মামলায় দোষী ঘোষণা করেন। এই সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে।
স্থানীয় পুলিশের বরাতে হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে, রাম রহিমের বিরুদ্ধে রায় ঘোষণার পর পঞ্চকূলা শহরে সংঘর্ষে কয়েকজন নিহত হয়েছে। তবে নিহত ব্যক্তিদের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে স্থানীয় বেসামরিক হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, নিহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের দেহে গুলির আঘাত রয়েছে।
প্রসঙ্গত, নিজের দুই অনুসারী নারীকে ধর্ষণের অভিযোগে ভারতের আলোচিত ‘ধর্মগুরু’ গুরমিত রাম রহিম সিং দোষী সাব্যস্ত হন। অপরাধের শাস্তি হিসেবে তার সাত বছরের কারাদণ্ড হতে পারে বলেই এক খবরে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। তাদের খবরে আরও বলা হয় যে, রায় ঘোষণার পর অপরাধের বিষয়টি অস্বীকার করেন রাম রহিম। দেশটির হরিয়ানা রাজ্যের পুলিশ এরই মধ্যে তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে।
প্রসঙ্গত, ২০০২ সালে রাম রহিমের এক সাবেক নারী অনুসারী এ ধর্ষণের মামলা করেন। ওই নারীর অভিযোগ, হরিয়ানার শহর সিরসায় তাঁর ওপর যৌন নির্যাতন করেছিলেন ওই ‘ধর্মগুরু’।