বার্সাকে হারিয়ে রিয়ালের দুর্দান্ত জয়

122

নেইমার যে আর বার্সাতে নেই সেটা ভালো করেই বুঝল বার্সেলোনা। হেরে এলো এল ক্লাসিকোর ম্যাচ। যদিও গোল পেলেন লিওনেল মেসি। দুর্দান্ত গোলের পর লাল কার্ড দেখলেন ক্রিস্তিয়ানো রোনালদো। আত্মঘাতী গোল, হলুদ কার্ডের ছড়াছড়ি; রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। ফুটবল বিশ্ব দেখলো আরেকটি রোমাঞ্চকর ক্লাসিকো। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে আরেকটি শিরোপা জয়ের পথে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।

রোববার রাতে ম্যাচের প্রথমার্ধ দেখে মনেই হয়নি এতটা রোমাঞ্চ অপেক্ষা করছে দ্বিতীয়ার্ধে। পিএসজিতে চলে যাওয়া নেইমারকে ছাড়া প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামে বার্সেলোনা। রিয়ালের প্রথম একাদশে ছিলেন না রোনালদোও।

দশম মিনিটে গোলের প্রথম সুযোগ লুইস সুয়ারেস নষ্ট করেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস বরাবর মেরে। ২৫তম মিনিটে মেসির ফ্রি-কিক ক্রসবারের একটু ওপর দিয়ে যায়। বলার মতো তেমন সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল।

প্রথমার্ধেই হলুদ কার্ড দেখেন কাসেমিরো, গ্যারেথ বেল, দানি কারভাহাল, মেসি ও জেরার্দ পিকে।

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। আর পঞ্চম মিনিটেই পিকের ভুলে এগিয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে মার্সেলোর ক্রস তেমন কোনো চাপ ছাড়াই বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালে জড়িয়ে দেন স্প্যানিশ এই ডিফেন্ডার।

৫০ মিনিটে জেরার্ড পিকের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর ৭৭ মিনিটে মেসির পেনাল্টিতে সমতা ফিরিয়েছিল বার্সেলোনা। ৫৮তম মিনিটে দুয়ো ধ্বনির মধ্য দিয়ে বেনজেমার বদলে মাঠে নামেন রোনালদো। কয়েকটি সুযোগ নষ্ট করা মেসি অবশেষে ৭৭তম মিনিটে সমতা ফেরান পেনাল্টি থেকে বুদ্ধিদীপ্ত কিকে নাভাসকে উল্টো দিকে পাঠিয়ে।

৮০ মিনিটে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে এর চেয়েও দুর্দান্ত এক গোল রোনালদোর (২-১)। আনন্দের আতিশয্যে জার্সি খুলে হলুদ কার্ড।

দুই মিনিট পর ডি-বক্সে ডাইভের অভিযোগে রোনালদো দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। রেফারির এই সিদ্ধান্ত নিয়েও বিতর্ক উঠতে পারে। তবে লাল কার্ড দেখে মেজাজ হারিয়ে হাত দিয়ে রেফারির পিঠে ধাক্কা দেওয়ার জন্য শাস্তির মুখোমুখি হতে পারেন চার বারের বর্ষসেরা এই ফরোয়ার্ড।

প্রতিপক্ষ দলে একজন কম থাকার সুবিধা নিয়েও শেষপর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি বার্সেলোনা। উল্টো ম্যাচের শেষদিকে পাল্টা আক্রমণে জয় নিশ্চিত করে ফেলে জিদানের দল। লুকাস ভাসকেসের বাড়ানো বলে মার্কো আসেনসিওর বাঁ পায়ের দুর্দান্ত শট জালে ঢোকে পোস্টের উপরের বাঁ কোনা দিয়ে। স্প্যানিশ এই মিডফিল্ডারকে শট নিতে বাধা দিতে পারেননি পিকে।

লাল কার্ডের সিদ্ধান্ত মানতেই পারছিলেন না রোনালদো, কিন্তু প্রতিবাদের ভাষাটা বেশি উগ্র হওয়ায় এখন ১২ ম্যাচ নিষিদ্ধের ঝুঁকিতে আছেন তিনি।

২১ বছর বয়সী আসেনসিও লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপের পর এবার স্প্যানিশ সুপার কাপেও রিয়ালের হয়ে অভিষেকে গোল পেলেন।

চির প্রতিদ্বন্দ্বীর মাঠে দুর্দান্ত এই জয়ে উয়েফা সুপার কাপ জিতে মৌসুম শুরু করা রিয়াল স্প্যানিশ ফুটবলের মৌসুম শুরুর ট্রফিও ঘরে তোলার লক্ষ্যেও অনেক এগিয়ে গেল। বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরতি লিগে ঘুরে দাঁড়াতে হলে তাই অসাধ্যই সাধন করতে হবে এরনেস্তো ভালভেরদের দলকে।

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.