বাংলাদেশে দুই বছর পেছালো ‘বিতর্কিত’ ভ্যাট

বাজেট ২০১৭-১৮

93

অর্থমন্ত্রীর ‘নতুন ভ্যাট’ প্রস্তাবের পরপরই বাংলাদেশের সংবাদমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ- সবখানেই শুরু হয়েছিল তুমুল আলোচনা-সমালোচনার ঝড়। এরই মধ্যে আগামী দুই বছরের জন্য নতুন ভ্যাট আইন স্থগিতের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, ‘যেহেতু নতুন ভ্যাট আইন নিয়ে কথা উঠেছে, ব্যবসায়ীরাও এই আইনে তেমন সাড়া দিচ্ছেন না, সে কারণে আমি মনে করি এই আইন আগে যেমন ছিল; আগামী দুই বছরও তেমনই থাকবে।’
প্রসঙ্গত, গত ১ জুন বাজেট ঘোষণার পর থেকে সংসদের ভেতরে-বাইরে নতুন ভ্যাট আইন নিয়ে সারাদেশে সমালোচনার ঝড় ওঠে। খোদ সরকারি দলের প্রভাবশালী মন্ত্রী ও এমপিরাও নতুন ভ্যাট আইনের বিরোধিতা করেন। কেউ কেউ অর্থমন্ত্রীর পদত্যাগও দাবি করেন।
দীর্ঘদিন ধরেই নতুন ভ্যাট আইনের হার ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ব্যবসায়ীরা আপত্তি জানিয়ে আসছিলেন। তাদের দাবি, নতুন আইন অনেক নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেবে। এ আইন বাস্তবায়নের প্রতিবাদে সারাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা আন্দোলনের হুমকিও দিয়েছিলেন।
ভ্যাট নিয়ে অর্থনীতি বিশ্লেষকদের মত হচ্ছে, নতুন ভ্যাট আইন আগামী অর্থবছর থেকে কার্যকর না হওয়ায় চাপ বাড়বে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ওপর। রাজস্ব আদায় বাড়াতে তাদের নতুন করে পদক্ষেপ নিতে হবে। তা না হলে নতুন বাজেটে ভ্যাটে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা অর্জন করা কঠিন হবে। এবারের বাজেটে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯১ হাজার কোটি টাকা।
এদিকে, নতুন ভ্যাট আইন বাস্তবায়ন না হওয়ায় সরাসরি ভ্যাট থেকে আদায় কমবে বড় অংকের টাকা। একই সঙ্গে আয়কর, আমদানি পর্যায়সহ অন্যান্য খাতেও আদায় কমবে।

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.