বাংলাদেশের সাম্প্রতিক বন্যাকবলিত লাখো অসহায় মানুষকে সহায়তা করা ও দুর্দিনে স্বজন হিসেবে পাশে দাঁড়ানোর জন্য ১০ সেপ্টেম্বর তহবিল সংগ্রহ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অস্ট্রেলিয়া শাখা।
সিডনির একটি কমিউনিটি সেন্টারে ‘ফান্ড রেইজিং ডিনার’ এর মাধ্যমে এই তহবিল সংগ্রহের আয়োজন করা হয়েছিল। বিএনপি অস্ট্রেলিয়া শাখা সভাপতি মো: লুৎফুল কবিরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার প্রধান উপদেষ্টা মনিরুল হক জর্জ।
বাংলাদেশের বন্যার্তদের সহায়তা করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে রাতের খাবারের বিনিময়ে তহবিল সংগ্রহ করা হয়। এবং সংগৃহীত সকল অর্থ বাংলাদেশের বন্যার্ত মানুষের সহযোগিতায় পাঠিয়ে দেওয়া হয়।
এছাড়া, একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকেও বন্যার্তদের সহায়তা করার জন্য তহবিল সংগ্রহ করা হয়েছে বলেই বিএনপি অস্ট্রেলিয়া শাখার সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।