প্রধানমন্ত্রীর কাছে বন্যাত্রাণ অনুদান হস্তান্তর অস্ট্রেলিয়া আওয়ামী লীগের
সম্প্রতি বাংলাদেশে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে বন্যার্তদের সাহায্যার্থে অনুদানের চেক হস্তান্তর করে।
বাংলাদেশের স্থানীয় সময় সোমবার দুপুর দুইটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বন্যার্তদের সাহায্যার্থে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে অনুদানের এই চেক হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সময় নিয়ে অস্ট্রেলিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুদানের চেক হস্তান্তরের সময় অস্ট্রেলিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে সহ-সভাপতি শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় হারুনুর রশীদ ও আশরাফুল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন প্রধানীয়া এবং শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মুকিতুর রহমান টুটুল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুধুমাত্র অস্ট্রেলিয়া আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও সীমিত কয়েকজন শুভাকাঙ্খীর কাছ থেকে এই অনুদানের অর্থ সংগ্রহ করা হয়েছিল।
চেক হস্তান্তরের পর আলাপচারিতার এক পর্যায়ে আনুষ্ঠানিকতা ছাড়িয়ে প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন শেখ হাসিনা। এসময় তিনি অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ব্যাপারে বিস্তারিত খোঁজ খবরও নেন।
পাশাপাশি তরুণ প্রজন্মের নেতৃত্বের প্রশংসা করেন। আলাপের এক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বভাবসুলভ ভঙ্গিতে প্রতিনিধি দলকে বলেন, ‘অস্ট্রেলিয়াকে তো আমরা ক্রিকেটে হারিয়ে দিলাম।’
আলোচনার সময় মাননীয় প্রধানমন্ত্রী গতানুগতিকতার বাইরে প্রবাসে দলের অনুসারীদের কাছে দেশের উন্নয়নে গঠনমূলক ভূমিকার জন্য তার প্রত্যাশা ব্যক্ত করেন বলেও জানা গেছে।