দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে ভারতের স্বঘোষিত আধ্যাত্মিক গুরু গুরমিত রাম রহিম সিংকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
ভারতের হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যজুড়ে বিরাজ করছে টান টান উত্তেজনা। কঠোর নিরাপত্তার মধ্যে চণ্ডিগড়ের পাঁচকুলা’র বিশেষ আদালত আজ ২৮ আগস্ট এই রায় ঘোষণা করেছে। এক খবরে জানিয়েছে এনডিটিভি।
রাম রহিমের আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি অভিযোগকারী দুই নারীও জানিয়েছেন তারা উচ্চ আদালতে আরও কঠোর শাস্তির আবেদন করবেন।
প্রসঙ্গত, সিবিআই স্বঘোষিত ‘ধর্মগুরু’ রাম রহিমের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তির আবেদন করেছিল।
এক
সিবিআই কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এরই মধ্যে সিবিআই রাম রহিমের আরও দীর্ঘমেয়াদী কারাদণ্ডের আবেদন করেছে এবং তার বিরুদ্ধে আরও অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ২০০২ সালে নিজের দুই নারী ভক্তকে ধর্ষণের অভিযোগে গত শুক্রবার আদালত রাম রহিমকে দোষী সাব্যস্ত করলে এই আধ্যাত্মিক গুরুর আশ্রম ডেরা সাচ্চা সওদার ভক্তরা দুই রাজ্যজুড়ে ব্যাপক তাণ্ডব চালায়; এতে ৩৮ জন নিহত হয়।