টলিউডের নতুন ছবি ‘ছায়া ও ছবি’। কলকাতার এই ছবিতে তিনি ‘রাই চ্যাটার্জি’। ভীষণ বদরাগী! দীর্ঘ বিরতির পর কোয়েল মল্লিক বড়পর্দায় ফিরেছেন এমনই এক জটিল চরিত্র নিয়ে। তবে এই বিরতিটা আসলেই বেশ দীর্ঘ হয়ে গেছে। অন্তত কোয়েল ভক্তদের জন্য। কিন্তু কী ছিল এই বিরতির পেছনের কারণ? সাংসারিক ব্যস্ততা?
এমন প্রশ্নের উত্তরে কোয়েল যা বলেছেন তার সংক্ষিপ্তসার হচ্ছে- ভালো একটা গল্প আর ভিন্ন ধরনের স্ক্রিপ্টের জন্য অপেক্ষাতেই তার এই দীর্ঘ বিরতির দৈর্ঘ্য বেড়েছে। কোয়েল অবশ্য আরও জানিয়েছেন, নিজেকে নতুন করে ঢেলে সাজিয়ে উপস্থাপনার বিষয়টি নিয়েও ভেবেছেন তিনি।
‘ছায়া ও ছবি’ চলচ্চিত্রের পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ‘আরেকটি প্রেমের গল্প’, ‘ছোটদের ছবি’, ‘শব্দ’, ‘বাস্তুশাপ’ ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায় নানা রঙের আলো ফেলেছেন। জানা গেছে, এবার সিনেমাকে ঘিরেই পরিচালক তার ছবির চিত্রনাট্য সাজিয়েছেন। ছবির মধ্যেই আরেক সিনেমার শ্যুটিংয়ের গল্প। আবার সেই ছবির পরিচালকের চরিত্রেও কৌশিক গঙ্গোপাধ্যায়।
‘ছায়া ও ছবি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক ও প্রিয়াঙ্কা সরকার। এই ছবিতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। এ ছবির বেশিরভাগ শ্যুটিং হয়েছে ডুয়ার্সসহ ভারতের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়।