মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক টুইটে ধস নেমেছে অ্যামাজনের শেয়ারে। এই এক টুইটের কারণেই শেয়ারবাজারে তাদের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে পাঁচশ ৭০ বিলিয়ন ডলার।
আমাজনকে আক্রমণ করে ট্রাম্প তার টুইটারে এক টুইটে লেখেন, ট্যাক্স দেওয়া খুচরা বিক্রেতাদের বিশাল ক্ষতি করছে আমাজন। গ্রাম, শহর ও প্রদেশসহ সারাদেশেই এই ক্ষতির প্রভাব পড়েছে। চাকরির বাজার থেকে চাকরি হারিয়ে গেছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের পোস্ট করা এই টুইটের কারণেই মাত্র দুইঘণ্টার ব্যবধানে আমাজনের শেয়ারের দাম কমে যায় এক দশমিক ২ শতাংশ। ট্রাম্পের বিশ্বাস, সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের মালিকানা ব্যবহার করে আমাজন ডটকমের আয়কর কমিয়ে এনেছেন জেফ বেজোস। ট্রাম্পের অভিযোগের পাল্টা হিসেবে আমাজনের পক্ষ থেকে বলা
হয়েছে, এই প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রজুড়ে গ্রাহক চাহিদা মেটাতে ৫০ হাজারেরও বেশি চাকরি সৃষ্টি করেছে। সেইসঙ্গে এই পদগুলোয় কর্মী নিয়োগ দিতে একাধিক জব ফেয়ার আয়োজনের কথাও জানায় প্রতিষ্ঠানটি। নিজেদের ওয়েবসাইটে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আমাজন ওয়াশিংটন ডিসি এবং আরও ৪৫টি অঙ্গরাজ্যে আয়ের ওপর কর সংগ্রহ করে থাকে।
এর আগে ট্রাম্প বলেছিলেন, আমাজন ডটকমের করের বোঝা কমাতে ওয়াশিংটন পোস্টের অলাভজনক ব্যবসাকে কাজে লাগাচ্ছেন জেফ বেজোস। আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোস মোটেও ট্রাম্প সমর্থক নন। চলতি মাসেই ট্রাম্পের সবচেয়ে আলোচিত ১০টি টুইট মুদ্রিত টয়লেট পেপার বিক্রি করে আমাজন। আমাজনের পেজে ওই পণ্যের গুণগান গেয়ে বলা হয়, ফ্লাশযোগ্য এধরনের টুইটার ফিড আর কোথাও নেই, এটি অত্যন্ত চমৎকার।
তথ্যসূত্র: ওয়াশিংটন পোস্ট