সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক নিউজ ফিডে নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহার- কারীদের আগ্রহের বিষয় বিবেচনা করে খবরের লিঙ্ক দেওয়া হয়। জানা গেছে, বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিতে ব্যবহারকারীরা যাতে আরও বেশি সময় ব্যয় করেন, সেই উপায় সন্ধানের অংশ হিসেবেই নতুন এই ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।
এরই মধ্যে ‘ফিচারড টপিক’ নামের এই নতুন ফিচারটি নিয়ে নিউজ ফিডে পরীক্ষা চালানো শুরু হয়েছে। জানা গেছে, এই ক্ষেত্রে বাছাই করা কনটেন্টে কয়েকটি বাক্য থাকে, যার মধ্যে কোনো সংবাদ প্রতিবেদনের একটি লিঙ্ক ও একটি ছবি থাকে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এদিকে, ফেসবুক জানিয়েছে, এই ফিচারটি বানানোই হয়েছে ব্যবহারকারীদের আগ্রহ অনুযায়ী সংবাদ দেখানোর জন্য। পাশাপাশি এই নতুন ফিচারটি নিয়ে পরীক্ষা চালানো হচ্ছে বলেও নিশ্চিত করেছে ফেসবুক।
২০১৬ সালে ফেসবুক তাদের ‘ট্রেন্ডিং টপিকস’ ফিচারে পরিবর্তন আনে। এই ফিচারের মাধ্যমে দেখানো একটি প্রতিবেদনের কারণে প্রতিষ্ঠানটি রক্ষণশীল সংবাদ প্রচার করছে বলে অভিযোগ ওঠে তখন। এর ফলে মার্কিন রিপাবলিকান দলের একজন সিনেটর এতে আরও স্বচ্ছতা আনার দাবি করেন। আর এর পরপরই এই পরিবর্তন আনা হয়।
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে ফেসবুকে প্রচারিত ভুয়া সংবাদ প্রভাব রেখেছে বলে তুমুল সমালোচনা ওঠে। এরপর থেকে প্রতিষ্ঠানটি তাদের নিউজ ফিডে সংবাদ প্রতিবেদন দেখানো ও ভুয়া সংবাদ সরানো নিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে । এর পাশাপাশি ফেসবুক সাময়িক প্রসঙ্গগুলো নিয়ে সঠিক সংবাদ প্রতিবেদনগুলো ব্যবহারকারীদের সামনে তুলে ধরতেও বিভিন্ন সময় নানা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগের অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান, যেমন টুইটার, স্ন্যাপচ্যাট এবং গুগলও এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন আনছে।