অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির কয়েকটি স্থানীয় কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলো ৯ সেপ্টেম্বর। এবারের নির্বাচনকে ঘিরে অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালিদের মধ্যে সৃষ্টি হয়েছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনার।
অস্ট্রেলিয়ার সিডনিতে স্থানীয় সময় শনিবার অনুষ্ঠিত হয়ে যাওয়া ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিল নির্বাচনে জয়ী হয়েছেন দুই বাংলাদেশি প্রার্থী। এদের একজন হচ্ছেন লিবারেল পার্টির শাহে জামান টিটু, অন্যজন- লেবার পার্টির প্রার্থী মোহাম্মাদ হুদা।
দুজনেই এই প্রথমবারের মতো সিটি কাউন্সিল নির্বাচনে জয়ী হয়েছেন।
এবারের কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে উল্লেখযোগ্য সংখ্যায় বাঙালিরা অংশ নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার প্রধান দুটি রাজনৈতিক দল থেকে পাঁচজন বাংলাদেশিকে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল। পাশাপাশি স্বতন্ত্রভাবে প্রার্থী হয়েছিলেন একজন।
লিবারেল পার্টি থেকে সিডনির ক্যান্টারবারি ব্যাংকসটাউন কাউন্সিলের রোজল্যান্ড ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছিলেন মোহাম্মদ শাহে জামান টিটু। এর আগে ওয়াটসন থেকে লিবারেল দলের হয়ে তিনি ফেডারেল ইলেকশনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
তবে, এর আগে কোনো বাঙালি এই ওয়ার্ড থেকে নির্বাচিত না হওয়ায়, আসন্ন ক্যান্টারবারি ব্যাংকসটাউন কাউন্সিল নির্বাচনে অনেকেই টিটুর জয়লাভের বিষয়ে আশাবাদী ছিলেন।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ক্যান্টারবেরি ব্যাংকসটাউন কাউন্সিল এলাকায় বাংলাদেশি অধিবাসীর সংখ্যা বেশ কয়েক হাজার।
বাঙালিপাড়া খ্যাত লাকেম্বার অনেকেই জানিয়েছেন, শাহে জামান টিটু ও মোহাম্মাদ হুদার জয়ের মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের একটি অপেক্ষার অবসান ঘটলো।
সিডনির এই সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি এই দুই প্রার্থীর বিজয়ে স্থানীয় বাংলাদেশিরা উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, এখন থেকে বাংলাদেশি সমাজের প্রতিনিধিরাও তাদের হয়ে অধিকার আদায়ে সরব হতে পারবেন।
স্থানীয় অনেকেই জানিয়েছেন, ভবিষ্যতে অস্ট্রেলিয়ার মূলধারার নির্বাচনে বাংলাদেশিদের অবস্থান দৃঢ় করতে এই দুইজন অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবেন।
পাশাপাশি, সিডনি প্রবাসী রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ স্থানীয় বাংলাদেশিরা শাহে জামান টিটু এবং মোহাম্মদ হুদা- নবনির্বাচিত এই দুই কাউন্সিলরকে অভিনন্দন জানিয়েছেন।