এবারও সুপার কম্পিউটারের শ্রেষ্ঠত্ব চীনেরই

91

চীনের সানওয়ে তাইহুলাইট ও তিহানে-২ বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার হিসেবে প্রথম ও দ্বিতীয় স্থানের খেতাব ধরে রেখেছে। বছরে দুবার গতির বিচারে সেরা ৫০০ সুপার কম্পিউটার তালিকা প্রকাশ করে টপ ৫০০ নামের একটি প্রতিষ্ঠান। জার্মান ও মার্কিন বিশেষজ্ঞদের সহায়তায় লিনপ্যাক বেঞ্চমার্কে জরিপ চালিয়ে প্রতিবেদন প্রকাশ করে টপ ৫০০।
চীনের সানওয়ে তাইহুলাইটকে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ও শক্তিশালী গণনাকারী কম্পিউটার হিসেবে উল্লেখ করেছে টপ ৫০০। গত বছরের জুন মাস থেকে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার হিসেবে সেরার স্থানটি দখল করে রেখেছে তাইহুলাইট। এর আগে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির কম্পিউটারের শীর্ষে ছিল চীনেরই আরেক কম্পিউটার তিহানে-২। তাইহুলাইটের আগে টানা তিন বছর বিশ্বের সবচেয়ে দ্রুতগতির কম্পিউটারের খেতাব ছিল তিহানে-২-এর।
চীনের সানওয়ে তাইহুলাইট সুপার কম্পিউটারের গতি প্রতি সেকেন্ডে ৯৩ পেটাফ্লপ (১ পেটাফ্লপ= ১ হাজার টেরাফ্লপ বা ১০ লাখ গিগাফ্লপ)। এ সুপার কম্পিউটার তৈরিতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি কোনো চিপ বা যন্ত্রাংশ ব্যবহার করেনি চীন। অর্থাৎ, চীনের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি হয়েছে এই সুপার কম্পিউটার।
অবশ্য, তিয়ানহে-২ নামের কম্পিউটার তৈরিতে মার্কিন মাইক্রো প্রোসেসর নির্মাতা ইনটেলের প্রোসেসর ব্যবহার করা হয়েছিল। তিয়ানহে-২ ছিল মাত্র ৩৩ পেটাফ্লপ গতির। পশ্চিমা প্রযুক্তির ওপর যে চীনের নির্ভরশীলতা কমছে, সানওয়ে তাইহুলাইট তা-ই প্রমাণ করে।
গতির বিচারে শীর্ষ দশ সুপার কম্পিউটারের দুটি চীনে, চারটি যুক্তরাষ্ট্রে অবস্থিত। বাকি চারটির মধ্যে জাপান, জার্মানি, সুইজারল্যান্ড ও সৌদি আরবে একটি করে আছে। শুধু তালিকার শীর্ষে নয়, সেরা ৫০০ সুপার কম্পিউটারের ১৬৭ টিই চীনে অবস্থিত। অথচ শীর্ষ প্রোসেসর নির্মাতাদের দেশ যুক্তরাষ্ট্রে এর সংখ্যা ১৬৫টি।
তথ্যসূত্র: আইএএনএস

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.