নতুন ফ্ল্যাগশিপ ফোন এন-৮ এর ঘোষণা দিয়েছে নকিয়া। স্মার্টফোনটি দিয়ে একসঙ্গে সামনে ও পেছনের দৃশ্য ধারণ করা যাবে। এই ভিডিও ধারণের প্রযুক্তি সুবিধার নাম দেওয়া হয়েছে ‘বোথি’। নতুন এই সুবিধার মাধ্যমে ছবি বা ভিডিও ধারণ করার সময় ফোনের পর্দায় দুটি অংশের দৃশ্যই দেখাবে।
একসময়ের দারুণ জনপ্রিয় মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া কয়েক বছর আগেও স্মার্টফোন প্রযুক্তির সঙ্গে দৌড়ের পাল্লায় হাঁপিয়ে উঠে বিলুপ্তির পথে যেতে বসেছিল। সেই নকিয়া আবারও তাদের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে বাজার দখলের জন্য ঘুরে দাঁড়িয়েছে। নকিয়ার নতুন আকর্ষণ নকিয়া-৮ বা এন ৮ শিগগিরই বাজারে আসতে চলেছে।
এরই মধ্যে নতুন এই স্মার্টফোনটির বেশ কিছু নতুন সুবিধা ও নতুনত্বের কথা প্রকাশ করেছে নকিয়ার ব্র্যান্ড লাইসেন্স কিনে নেওয়া এইচএমডি গ্লোবাল। তাদের ভাষ্য, নকিয়ার আগের ফোনগুলোর বেশকিছু ব্যর্থতা ঘোচাবে নকিয়া-৮। নতুন নকিয়া-৮ বাজারে আসার খবরের পর সবচেয়ে বেশি গুঞ্জন উঠেছে এর ক্যামেরা নিয়ে। তবে ফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেলের দ্বৈত বা ডুয়াল ক্যামেরা থাকার কথা নিশ্চিত করেছে ফোনটির নির্মাতা প্রতিষ্ঠান। এর সামনের অংশেও থাকছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।
এ ছাড়া ক্যামেরাগুলোতে ব্যবহার করা হয়েছে ডুয়েল টোন ফ্লাশ। পাশাপাশি তিনটি ক্যামেরার অ্যাপারচারই এফ/ ২.০। ক্যামেরাগুলোতে ৪ কে রেজল্যুশনের ভিডিও ধারণ করা যাবে। সেলফি তোলার এই যুগে নতুনত্ব নিয়েই বাজারে আসছে নকিয়া-৮। সেলফির পরিবর্তে একই সঙ্গে সামনে ও পেছনের দৃশ্যধারণের উদ্দেশ্য নিয়ে ফোনটির নির্মাতা প্রকৌশলীরা ‘বোথি’ নামের এই নতুন সুবিধা জুড়ে দিয়েছেন ফোনটিতে। জানা গেছে, প্রচলিত ইউটিউব বা ফেসবুকে সরাসরি সম্প্রচারও করা যাবে এই বোথি ভিডিও।
নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, তারাই প্রথম কোনো স্মার্টফোনে এই সুবিধা যুক্ত করছে। নকিয়া-৮ এর দ্রুতগতির কর্মদক্ষতার জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক দ্রুতগতির কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট। ৮টি কোরবিশিষ্ট এই প্রোসেসরের সঙ্গে থাকছে ৪ গিগাবাইট র্যাম। নকিয়ার আগের ফোনগুলোর মতোই নকিয়া-৮ এর কাঠামো অ্যালুমিনিয়ামের। ৫ দশমিক ৩ ইঞ্চি পর্দার নকিয়া-৮ বাজারে আসবে ৪টি ভিন্ন রঙে।