আরেক জন্মে পাগল ছিলাম

ইরাজ আহমেদ

101

আরেক জন্মে পাগল ছিলাম ফুলগাছ
পথে পথে ঘুরেছি অনেক।
কেউ ভাত খেতে দিলে
খেয়েছি দরজার ওপাশে বসে।
কেউ ছাদে ছড়িয়ে দিলে রোদ
খুঁটেছি পাখির মতো একা।
জল খেতে দিলে কেউ
তাকে ডেকেছি পিপাসা বলে।
আরেক জন্মে পাগল ছিলাম ফুলগাছ,
ভীষণ পাগল।
অশ্রু শুকিয়ে গিয়েছিল বলে
ফিরতে পারিনি দাগ চিনে ঘরে।
আরেক জন্মে তাড়া করে ফিরেছিল শীত
আগুন পাইনি,
উদ্বাস্তু আঁধারে গেছে সেই এক কাল,
খুঁজেছি মানুষের ঘরবাড়ি,
রাত্রি এলে
ছুরির মতোন কেটেছে আমাকে
শহরের সব বন্ধ শাটার।
পথের কুকুরের পেছন পেছন গেছি
কোন আঘাটায়, দূর কোন নদীর শিয়রে।
আরেক জন্মে সত্যি পাগল ছিলাম ফুলগাছ
আমার বিষন্ন ফুটে ওঠা
কেবল দেখেছ তুমি
আরেক জন্মে,
আরেক জন্মে ফুলগাছ।

Leave A Reply

Your email address will not be published.