অস্ট্রেলিয়ায় কবে আসবে আইফোন ৮?

436

সেপ্টেম্বর মাসটিকে একটু আলাদা করে দেখে অ্যাপল। এ সময়টিতে বাজারে আসে তাদের প্রতীক্ষিত নতুন আইফোন। সারা বিশ্বেও প্রযুক্তিপ্রেমীরা বরাবরের মতো এবারও মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের কাছ থেকে চমকের অপেক্ষায় আছেন। এবছর আইফোনের দশকপূর্তি হলো। ২০০৭ সালে প্রথম আইফোন এসেছিল অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবসের হাত ধরে। ফোনের ধারণা বদলে দিয়েছিল আইফোন। ২০১৭ সালের আইফোন ঘিরে তাই উন্মাদনা বেশি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে উদ্বোধন হতে পারে আইফোন ৮ এর। অ্যাপলের প্রধান নির্বাহী কমকর্তা টিম কুক অবশ্য নতুন আইফোনে চমক থাকার কথাই বলেছেন।

অবশ্য নতুন আইফোনের নাম নিয়ে নানা গুঞ্জন রয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের কেউ বলছেন, এবার যেহেতু আইফোনের ১০ বছর পূর্ণ হলো তাই প্রথা ভেঙে নতুন আইফোনের নাম আইফোন ১০ বা আইফোন এক্স রাখা হতে পারে। কেউ বলছেন, এবারের আইফোন যেহেতু বড় মাপের হবে তাই এর নাম হতে পারে আইফোন প্রো। তবে ধারণা করা হচ্ছে, এবারে তিন মডেলের আইফোন বাজারে আসবে। একটি হবে আইফোন এইট বা টেন আর দুটি হবে প্রচলিত নিয়মে আইফোন ৭ এর পরবর্তী সংস্করণ ৭ এস ও ৭ এস প্লাস। কেমন হবে আইফোন ৮? প্রশ্নটি গত বছরের সেপ্টেম্বর মাসের পর থেকে প্রযুক্তিপ্রেমীদের মাথায় ঘুরছে। এ নিয়ে নানা গুঞ্জনও ছড়িয়েছে। তবে সবচেয়ে যে ফিচারটির কথা বলা হচ্ছে তা হলো এর ওএলইডি ডিসপ্লে।

প্রযুক্তি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান তাইওয়ানভিত্তিক কেজিআই সিকিউরিটিজের বিশ্লেষক মিং-সি কুয়োর মতে, অ্যাপলের ফ্ল্যাগশিপ মডেল আইফোন ৮ এ রঙের দিক থেকে প্রাধান্য দেওয়া হবে কালো, সোনালি ও রুপালিকে। প্রথম পর্যায়ে অ্যাপলের আইফোন ৮ বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে ২০ লাখ থেকে ৪০ লাখ ইউনিট  যা বছরশেষে বেড়ে হতে পারে সাড়ে চার কোটি থেকে পাঁচ কোটি  ইউনিট। অন্যদিকে, ৪ দশমিক ৭ ইঞ্চির আইফোন ৭ এস বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে সাড়ে তিন কোটি থেকে প্রায় চার কোটি ইউনিট। আর  সাড়ে পাঁচ ইঞ্চির আইফোন ৭ এস প্লাস বাজারে ছাড়তে পারে প্রায় দুই কোটি ইউনিট।

আইফোনপ্রেমীদের জন্য নতুন করে আসবে অ্যাপলের হোমপড। ৫ দশমিক ১৫ ইঞ্চি পর্দার ফোনটিতে থাকছে মিউট নোটিফিকেশন অপশন। যার ফলে ফোন অন্য কোনো কাজে ব্যস্ত রাখলে নিরবচ্ছিন্ন সেবা উপভোগ করতে পারবেন। টাচ আইডির বিপরীতে ফোনটিতে যুক্ত হয়েছে ফেস রিকগনিশন প্রযুক্তি। আগের সংস্করণের চেয়ে নতুন আইফোনে হার্ডওয়্যার উন্নত করছে প্রতিষ্ঠানটি। এতে উন্নত সিপিইউ ও ক্যামেরা থাকবে। এতে যুক্ত হবে তারহীন চার্জিং সুবিধা। ওএলইডি  ছাড়াও ফোনের ক্যামেরা ও স্পিকারের ক্ষেত্রেও থাকছে নতুনত্ব। এর আগে আইফোন ৭-এর ক্ষেত্রে তারহীন ইয়ারফোন এনেছিল অ্যাপল। এবার স্ক্রিনের নিচেই থাকবে ক্যামেরা ও স্পিকার। দুটোরই আকার এতটাই ছোট হবে যা চোখে দেখা যাবে না। নানাধরনের সেন্সর থাকবে ফোনটিতে। এর ফলে সহজেই স্ক্রিনে আসবে নানা রকম তথ্য। ধারণা করা হচ্ছে, আইফোন-৮ই  হবে আইফোনের মধ্যে সবচেয়ে মজবুত স্মার্টফোন। বেজেললেস ফোনটিতে ডুয়াল ক্যামেরা দেখা গেছে। টিম কুকের ‘চমক’ হিসেবে অগমেন্টেড রিয়্যালিটিও থাকতে পারে।

অস্ট্রেলিয়ার বাজারে নতুন আইফোন প্রতিযোগিতামূলক দামে পাওয়া যাবে। বিশ্লেষকেরা বলছেন, নতুন আইফোন আসার আগে বাজারে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী স্যামসাং নতুন স্মার্টফোন নোট ৮ ছাড়বে। তাই দাম গত বছরের আইফোন ৭ এর মতোই রাখবে প্রতিষ্ঠানটি। ২৫৬ জিবি মডেলের আইফোনের দাম হতে পারে এক হাজার ১০০ থেকে এক হাজার ৪০০ ডলারের মধ্যে। সবকিছু ঠিকঠাক থাকলে এই সেপ্টেম্বর মাস থেকেই অস্ট্রেলিয়ার বাজারে নতুন আইফোন হাতে পাবেন ক্রেতারা।

তথ্যসূত্র: ফোর্বস

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.